জনপ্রিয় তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকা অজানা গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সেলিব্রেটি টকশো ‘স্টার স্টোরিজ’। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তিনি শোবিজের কাজ, ব্যক্তিগত জীবন, সম্পর্ক, বিয়ে এবং মিডিয়া পলিটিক্সসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। অনুষ্ঠানটি আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে।
আলাপচারিতার এক পর্যায়ে সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে স্বাগতা বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মানুষেরা দ্বিতীয়-তৃতীয় বিয়ে মেনে নিয়েছে, লিভ টুগেদার মেনে নিয়েছে কিন্তু নিজে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে সেটা মানতে পারে না; এসব ঘটনা তো ওপেনলি হচ্ছে। মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে, ভিউ হচ্ছে। তার মানে আমাদের সোসাইটি এসব দেখতে পছন্দ করে।’
শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি। এসবের কারণে যোগ্য মানুষগুলো কাজ পায় না। এমনকি আমাকেও ভালো করা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। ফলে আমার মতো ইন্ডাস্ট্রির অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছেন।’
অনুষ্ঠানটিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের দর্শন ও ভাবনা তুলে ধরার পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে অভিনেত্রীর ব্যক্তিগত ও মজার কিছু উত্তর দর্শকদের সামনে আসবে। ‘স্টার স্টোরিজ’-এর প্রযোজক নাবিলা মারজুক। অনুষ্ঠানটি আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

