প্রিয় দল ব্রাজিল আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ফুটবল বিশ্বকাপের উন্মাদনা থেকে দূরে নেই চিত্রনায়ক শরীফুল রাজ। বরং আজকের ফাইনাল ম্যাচটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ও চিন্তিত। রাজ মনে করেন, আজকের রাতে বিশ্বকাপের অন্যতম সেরা একটি ম্যাচ হতে যাচ্ছে। এই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।
ম্যাচটি নিয়ে নিজের উত্তেজনার কথা প্রকাশ করে শরীফুল রাজ বলেন, আমি দুই দলের খেলা নিয়েই এক্সসাইটেড। দুটোই এখন সেরা। এই খেলায় কী হবে বলা খুবই কঠিন। এই লড়াইটা দেখার জন্য অস্থির হয়ে আছি। আমার মনে হয়, এমনও হতে পারে, এই খেলা দেখে অনেকেই স্ট্রোক করতে পারেন। তবে চাই, ভালো একটি ম্যাচ হোক। সেই ম্যাচটা সবার কাছে সেরা হয়ে থাকুক।
আজকের ফাইনাল ম্যাচে কে জিতবে—এমন প্রশ্নের জবাবে রাজ বলেন, এমন একটা অবস্থা, দুটো দলই ভালো। দুর্দান্ত তাদের খেলা। নিজেদের তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। দেখিয়েছে, কেউ কারও চেয়ে কম নয়। পরিশ্রম করে খেলেই তারা ফাইনালে এসেছে। আর্জেন্টিনাও ভালো আবার স্পেনও ভালো। দুই দলের যে ভালো খেলবে, সেই জিতবে। কেউ জিতলেই খুশি।
নিজের প্রিয় দল সম্পর্কে অভিনেতা জানান, খেলা শুরু হওয়ার আগেই তিনি ব্রাজিলের জার্সি গায়ে জানিয়ে দিয়েছেন যে তিনি ব্রাজিল সমর্থক। প্রিয় দল বাদ পড়ায় মন খারাপ হলেও তার প্রত্যাশা, ভবিষ্যতে আরও বেশি শক্তি নিয়ে ফিরবে ব্রাজিল। আপাতত সেই প্রত্যাশাতেই রয়েছেন তিনি।
বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় থাকা মেসি ও ইয়ামালের মধ্যে কার হাতে কাপ দেখতে চান—এমন প্রশ্নে রাজ বলেন, দেখুন, আমি ব্রাজিল সমর্থন করলেও মেসির খেলা ভালো লাগে। আমার ভালো লাগবে আবার মেসির হাতে কাপ দেখতে। তবে তরুণ খেলোয়াড় ইয়ামালও ভালো খেলছে। তারা কাপ পেলেও অবিশ্বাস্য বা অঘটন কিছু হবে না। আজ মাঠের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছি।

