আকাশে উড়ন্ত বিমানে ককপিটে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও ১৭৪ জন যাত্রীর জীবন বাঁচিয়ে বীরত্ব দেখিয়েছেন ফ্লাই দুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছার। সিনেমার দৃশ্যকেও হার মানানো এই বাস্তব ঘটনায় মুগ্ধ হয়ে বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান তাকে কুর্নিশ জানিয়েছেন।
সম্প্রতি দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে এই ভয়াবহ ঘটনা ঘটে। ককপিটের ভেতরেই সহ-পাইলটের অতর্কিত হামলায় গুরুতর জখম হন প্রধান পাইলট স্মিত মাচ্ছার। তবে চরম জীবনসংকটের মুখোমুখি দাঁড়িয়েও তিনি অসামান্য দক্ষতায় উড়োজাহাজটি নিরাপদে পরিচালনা করেন। সাহসী এই ক্যাপ্টেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড ‘কিং’ শাহরুখ খান লিখেছেন, ‘ক্যাপ্টেন স্মিত, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি অটল ছিলেন! চরম বিপদের মুখোমুখি দাঁড়িয়ে নিজের জীবন বাজি রাখা সহজ নয়… কিন্তু যাত্রীদের সুরক্ষায় আপনি ঠিক সেটাই করেছেন। আপনি সাহসিকতা ও কর্তব্যের এক সত্যিকারের নিদর্শন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি, দেশ আপনার জন্য গর্বিত…।’
এর আগে বলিউড ভাইজান সালমান খানও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপ্টেনের এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে ফ্লাই করে ধন্য হবো। ওয়েল ডান ব্রো…।’
জানা গেছে, দীর্ঘ ১৭ বছরের বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের। তার এই অসাধারণ দক্ষতার কারণে বেঁচে গেছে বিমানে থাকা ২৭টি শিশুসহ মোট ১৭৪ জন যাত্রীর প্রাণ। বর্তমানে তিনি আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই সংকটের সময় অসাধারণ বীরত্ব দেখিয়ে এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন এই সাহসী পাইলট।

