প্রখ্যাত অভিনেত্রী শবনম অভিনীত সিনেমা ‘দিল’ মুক্তির তিন যুগ পূর্ণ হয়েছে। প্রয়াত পরিচালক আজিজুর রহমান পরিচালিত এই ছবিটি ১৯৯২ সালের ২২ মে মুক্তি পায়। সিনেমাটিতে শবনমের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন নাইম এবং তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন শাবনাজ। মুক্তির পরপরই সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য অর্জন করে এবং নাইম-শাবনাজ জুটিকে দর্শকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য করে তোলে। তবে শবনমের সঙ্গে এই একটি সিনেমাতেই শাবনাজ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।
দীর্ঘদিন পর সম্প্রতি এই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী শাবনাজ। তিনি জানান, শবনমের সঙ্গে কাজ করাটা তার জন্য একটি বিশেষ সুযোগ ছিল। শাবনাজ বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আপা আমাদের সিনেমার গর্ব। তার সঙ্গে একই সিনেমায় অভিনয় করে অনেক কিছু শিখেছি। প্রায় তিন যুগের সম্পর্কে অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আম্মাজান’ সিনেমার পর আর কোনো ছবিতে গুণী এই অভিনেত্রীকে একসঙ্গে পাওয়ার সুযোগ হয়নি। তার মেধাকে আরও কাজে লাগাতে পারলে হয়তো আমরা আরও ভালো ভালো কয়েকটি সিনেমা পেতাম। তবে তিনি এ দেশে যেসব সিনেমাতে অভিনয় করেছেন, তা আজও দর্শকের মনে গেঁথে আছে। আপার কাছে আমরা ঋণী।’
শাবনাজের প্রতি স্নেহ প্রকাশ করে শবনম বলেন, ‘শাবনাজ আমার ভীষণ স্নেহের। খুব লক্ষী একটি মেয়ে। তার বিনয়, আচরণ আমাকে ভীষণ মুগ্ধ করে। দোয়া করি শাবনাজ তার স্বামী ও দুই কন্যাকে নিয়ে খুব ভালো থাকুক।’
বর্তমানে কাজের ক্ষেত্রে শবনমকে আর পর্দায় দেখা যায় না। সর্বশেষ ‘আম্মাজান’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। এরপর গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় আর কোনো সিনেমায় অভিনয় করা হয়নি তার। যদিও আনুষ্ঠানিকভাবে অভিনয়কে বিদায় জানাননি, তবে এখনকার শারীরিক যে অবস্থা তাতে আর ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী।

