অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনীত নাটক ‘লুক আ লাইক’-এর প্রচারণাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নাটকটির ট্রেলার ও একাধিক পোস্টার প্রকাশের পর, মুক্তির দিন নতুন একটি পোস্টারে নাটকের কোনো দৃশ্য বা লুকের পরিবর্তে প্রভার একটি ব্যক্তিগত ছবি ব্যবহার করে।
পোস্টারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য শুরু হয়। বিষয়টি প্রভার নজরে আসার পর তিনি ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, পোস্টার ডিজাইনার গুরুতর ভুল করেছেন। তার ভাষ্যমতে, ছবিটি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং তিনি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে ছবিটি তুলেছিলেন। নাটকের গল্প বা চরিত্রের সঙ্গে ছবিটির কোনো সম্পর্ক না থাকায় এটি ব্যবহারের আগে তার অনুমতি নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
প্রভার মতে, কোনো শিল্পীর ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া ব্যবহার করা পেশাদার আচরণের মধ্যে পড়ে না এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমালোচনার মুখে বিষয়টি আমলে নেয় বঙ্গ। প্রতিষ্ঠানটি দ্রুত বিতর্কিত পোস্টারটি তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলে এবং পরবর্তীতে নাটকের একটি দৃশ্য থেকে নেওয়া প্রভার লুক ব্যবহার করে নতুন পোস্টার প্রকাশ করে।

