ছেলের চতুর্থ জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন চিত্রনায়িকা পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য চার বছর পূর্ণ করল। বিশেষ এই দিনটি উদযাপনে অভিনেত্রী ঘরোয়াভাবে আয়োজন করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

জন্মদিনের প্রথম প্রহরেই ঘরোয়া আয়োজনে দেখা মিলেছে পূণ্যের। নিজের মাতৃত্ব নিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন পরীমণি। তিনি এই দিনটিকে নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরীমণি জানান, ছেলেকে তিনি বলেছিলেন, বাজান, হ্যাপি বার্থডে। জবাবে ছেলে পূণ্য তাকে বলে, হ্যাপি বার্থডে টু ইউ আম্মু। ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পরীমণি লেখেন, তাই তো! আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।

প্রকাশ করা ভিডিওটিতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক রাখা এবং চারপাশে সাজানো রঙিন বেলুন। টেবিলের পাশেই বিছানায় ঘুমিয়ে ছিল পূণ্য। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছর নানা আয়োজনের মাধ্যমে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন এই চিত্রনায়িকা।