জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা যেন থামছেই না। অভিনয় থেকে দীর্ঘ সময় আড়ালে থাকলেও নিজের ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়ই তিনি খবরের শিরোনামে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা তিনি ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। অতীতে জীবনে যেসব ভুল বা পাপ করেছেন, সেগুলো থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করাই এখন তার প্রত্যাশা। পপির এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার রেশ ধরে এবার নিজের ফেসবুক পেজে বিস্তারিত বার্তা দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সোমবার দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রভা শিল্পীর পরিচয়, সংস্কৃতিচর্চা ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। যদিও ওই পোস্টে তিনি কোথাও পপির নাম উল্লেখ করেননি, তবুও পপির মন্তব্যের পরপরই এমন পোস্ট আসায় নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। প্রভা তার পোস্টে লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’
সংস্কৃতিচর্চায় যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষা ও মূল্যবোধের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’
শিল্পীর মর্যাদা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে এই অভিনেত্রী লেখেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’ প্রভার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে পপির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে প্রভার এই বার্তার যোগসূত্র খুঁজছেন, যদিও প্রভা সরাসরি কাউকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন কি না, তা নিশ্চিত নয়।

