নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মিষ্টি হাসি ও নিখুঁত অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই নিজেকে প্রতিষ্ঠিত করা এই অভিনেত্রী ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এবং প্রথম সিনেমাতেই বাজিমাত করেন। ক্যারিয়ারে বহু উত্থান-পতনের সাক্ষী হলেও দর্শক হৃদয়ে তার আসন আজও অটুট রয়েছে। বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তবে ব্যক্তিগত জীবনে মায়ের সঙ্গে তার দূরত্বের খবর সম্প্রতি আলোচনায় এসেছে। এর আগে অভিনেত্রীর মা বিভিন্ন গণমাধ্যমে পপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এবার পপি নিজেই মুখ খুলেছেন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, ক্যারিয়ারের দীর্ঘ ৩০ বছর তিনি কষ্ট করেছেন, কিন্তু তার পরিবার কখনোই সেই কষ্টের মূল্যায়ন করেনি।
পপি অভিযোগ করেন, তাকে পরিবারের সদস্যরা টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার কোনো শেষ ছিল না এবং যত বেশি অর্থ তারা পেয়েছে, ততই তাদের চাহিদা বেড়েছে। অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, সৎমা কখনও আপন হতে পারে না। যে মায়ের হাত ধরে তিনি সিনেমা জগতে এসেছিলেন, তাকে সৎমা বলেই গণমাধ্যমে পরিচয় দেন তিনি। পপির ভাষ্যমতে, সৎ মায়ের সংসার থেকে তিনি যে পরিমাণ মানসিক আঘাত পেয়েছেন, সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি।

