দিল্লির আদালতে সাক্ষ্য দিয়ে ভারতে থাকার কারণ জানালেন নোরা ফাতেহি

২০০ কোটি রুপির আলোচিত চাঁদাবাজি মামলায় ভারতের দিল্লির আদালতে উপস্থিত হয়ে নিজের জবানবন্দি দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। শুক্রবার (৬ নভেম্বর) আদালত কক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত তথ্যের পাশাপাশি ভারতে নিজের অবস্থানের কারণও ব্যাখ্যা করেন। অভিনেত্রী জানান, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে পেশাগত কাজের সুবিধার্থে তিনি বর্তমানে ওয়ার্কিং ভিসা নিয়ে ভারতে বসবাস করছেন।

আদালতে দেওয়া বক্তব্যে নোরা ফাতেহি তাঁর চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। এর আগে এই মামলায় আদালত তাঁকে দুই দফা হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। চলতি মাসের গোড়ার দিকে নোরার আইনজীবী আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে বিচারক তাতে অসন্তোষ প্রকাশ করেন। বিচারক মন্তব্য করেন, একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত থাকা উচিত ছিল এবং আদালতের নির্দেশ অবহেলা না করার বিষয়ে তাঁকে সতর্ক বার্তা দেন।

তদন্তকারী সংস্থা পুলিশের তথ্যমতে, সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে তাঁর স্বামীর জামিন করানোর আশ্বাস দেওয়া হয়েছিল। এভাবে সুকেশ চন্দ্রশেখর ও তাঁর সহযোগীরা মিলে প্রায় ২০০ কোটি রুপি হাতিয়ে নেন। এই ঘটনায় সুকেশ ও তাঁর স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগ থাকা নিয়ে নোরা ফাতেহিকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। পরবর্তীতে সম্পূরক অভিযোগপত্রে এই অভিনেত্রীকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশ আরও জানায়, সুকেশ বিভিন্ন সময়ে নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন তারকাকে দামি উপহার প্রদান করেছিলেন। ২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন বলে জানান। কানাডার নাগরিক নোরা ফাতেহির পারিবারিক শিকড় রয়েছে মরক্কোয়। কানাডার কুইবেকের মন্ট্রিয়লে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী সেখানেই বেড়ে ওঠেন এবং পড়াশোনা সম্পন্ন করেন, তবে কর্মসূত্রে বর্তমানে ভারতে অবস্থান করছেন।