বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার অভিনয়দক্ষতা দিয়ে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে অভিনয়ের প্রশংসার সমান্তরালে ২০১৭ সালে নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ প্রকাশ করে ভারতজুড়ে চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন এই অভিনেতা। বইটিতে নিজের সহ-অভিনেত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক, পরকীয়া এবং ওয়ান-নাইট স্ট্যান্ডের মতো স্পর্শকাতর বিষয়গুলো খোলামেলাভাবে তুলে ধরায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
আত্মজীবনীতে নওয়াজউদ্দিন বিশেষ করে ‘মিস লাভলি’ সিনেমার সহশিল্পী নিহারিকা সিংয়ের সঙ্গে তার সম্পর্কের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেন। তাদের প্রথম শারীরিক সম্পর্কের মুহূর্তটি স্মরণ করে নিজেকে ‘কামুক গ্রাম্য গেঁয়ো’ হিসেবে উল্লেখ করেন তিনি। বইটিতে তিনি জানান, কীভাবে তিনি নিহারিকার মোমবাতি জ্বালানো ঘরে গিয়েছিলেন, যেখানে নিহারিকা পশমি পোশাক পরেছিলেন এবং সেখানেই তাদের অন্তরঙ্গতা শুরু হয়। এই সম্পর্ক প্রায় দেড় বছর স্থায়ী হয়েছিল বলেও দাবি করেন নওয়াজ।
তবে বইটি বাজারে আসার পরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী নিহারিকা সিং। নওয়াজের বিরুদ্ধে মনগড়া ও বিকৃত তথ্য ছড়ানোর অভিযোগ এনে তিনি বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে তার অনুমতি না নিয়ে এসব ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনা হয়েছে। নিহারিকা দাবি করেন, তাদের সম্পর্ক দেড় বছর নয়, বরং মাত্র কয়েক মাসের ছিল। সবচেয়ে বড় বিষয় হলো—নওয়াজউদ্দিন তার কাছে বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে নিহারিকা জানতে পারেন যে, গ্রামে নওয়াজের এক স্ত্রী রয়েছে।
শুধু নিহারিকাই নন, নওয়াজউদ্দিনের আরেক সাবেক প্রেমিকা সুনীতা রাজওয়ারও তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সুনীতা অভিযোগ করেন, নওয়াজ নিজের ব্যক্তিগত জীবন বিক্রি করে বইয়ের কাটতি বাড়াতে মিথ্যাচার করেছেন। আত্মজীবনীতে নিজের চরিত্র নিয়েও বেশ রূঢ় মন্তব্য করেছেন নওয়াজউদ্দিন নিজেই। তিনি স্বীকার করেছেন যে, কেবল শারীরিক চাহিদা মেটাতেই তিনি নারীদের কাছে যেতেন এবং কাজ শেষে চলে আসতেন। নিজেকে স্বার্থপর হিসেবে আখ্যা দিয়ে তিনি জানান, তার সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদেরও একই অভিযোগ ছিল যে নওয়াজ কেবল নিজের চাহিদাই বুঝতেন।
বইয়ের শুরুতে নওয়াজউদ্দিন ‘সত্য বলতে ভয় নেই’ বলে দাবি করলেও, চারদিক থেকে ধেয়ে আসা আইনি জটিলতার আশঙ্কা ও ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত নতিস্বীকার করতে বাধ্য হন। প্রকাশের পরপরই বাজার থেকে তার আত্মজীবনীটি প্রত্যাহার করে নেওয়া হয়। সবার কাছে ক্ষমা চেয়ে নওয়াজউদ্দিন বলেছিলেন, কারও অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না এবং বইয়ে তাদের নাম উল্লেখ করাটা একদমই ঠিক হয়নি। পরবর্তী সময়ে আক্ষেপ প্রকাশ করে এই অভিনেতা বলেন, সত্য সবার কাছে তিতাই মনে হয়, তাই ভবিষ্যতে হয়তো আর কোনো দিন এভাবে সত্য লেখার ভুল তিনি করবেন না।

