সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে একই সময়ে দেখা গিয়েছিল। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নতুন জল্পনা। বিভিন্ন ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয় যে, মৃণাল এবং যশস্বীর মধ্যে বিশেষ কোনো সম্পর্ক গড়ে উঠেছে। তবে এই দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন মৃণাল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এসব আলোচনার প্রেক্ষিতে তিনি লিখেছেন, ‘ভাই, শান্ত হন। আমাদের একসঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’
মৃণাল আরও বলেন, দেশে বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। ভিত্তিহীন গুজব না ছড়িয়ে বরং গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে তা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। অভিনেত্রীর এই স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন অনেকে। তার এই মন্তব্য থেকে আপাতত এটিই স্পষ্ট যে, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনো নিশ্চিত খবর নেই।
উল্লেখ্য, এর আগেও মৃণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে নানা আলোচনা হয়েছে। এর আগে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও তার প্রেমের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এমনকি তাদের গোপন বিয়ের তারিখ হিসেবে ১৪ ফেব্রুয়ারি নিয়েও নানা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে সেই সময় পেরিয়ে গেলেও বিয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং মৃণাল নিজেও একাধিকবার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।

