জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ইউটিউবে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। দীর্ঘ ১০ বছরের পথচলায় তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি ৩০ লাখ বা ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের কোটা অতিক্রম করেছে। বাংলাদেশের কোনো কণ্ঠশিল্পীর একক ইউটিউব চ্যানেলের জন্য এটিই প্রথম এমন অর্জনের ঘটনা।
২০১৬ সালের ১৪ জুন যাত্রা শুরু হয়েছিল ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলটির। এরপর থেকে মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় পুরোনো গানগুলোর পাশাপাশি নিয়মিত নতুন অডিও ও ভিডিও গান প্রকাশ করা হয়েছে এই প্ল্যাটফর্মে। দীর্ঘ এক দশকের এই ধারাবাহিকতায় চ্যানেলটি এখন নতুন উচ্চতায় পৌঁছাল।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এই সাফল্য উদযাপন করা হয়। সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেডের আয়োজনে ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজের এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে মনির খান বলেন, সবার ভালোবাসা ও সার্বিক প্রচেষ্টায় আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবাসছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব ছিল না।

