জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার দীর্ঘ সংগীত বিরতি ভেঙে নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন। ২০১৭ সালে তার আলোচিত ‘নেশা’ গানটি প্রকাশের পর শুক্রবার তিনি ‘প্রবল ঘোর’ শিরোনামে নতুন এই গানটি মুক্তি দিয়েছেন। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত এই গানটির ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। কক্সবাজারের সমুদ্র সৈকতসহ বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত এই ভিডিওতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে শের শাহ রাসেলকে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি অবমুক্ত করা হয়েছে।
নিজের এই নতুন কাজ নিয়ে কুসুম শিকদার জানান, গানটি তার কাছে অত্যন্ত প্রিয় একটি সৃষ্টি। ২০২০ সালে করোনা মহামারির শুরুর দিকে তিনি গানটির কথা লিখেছিলেন এবং সে সময়েই এর অডিও রেকর্ডিং সম্পন্ন হয়। তবে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ (২০২৪) নিয়ে ব্যস্ত থাকায় ভিডিও নির্মাণ ও গানটি প্রকাশের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। শেষ পর্যন্ত শ্রোতাদের আগ্রহ ও তাড়না থেকেই তিনি গানটি মুক্তির সিদ্ধান্ত নেন।
মাহমুদ সানির সুর ও সংগীতায়োজনে নির্মিত এই গানটির মাধ্যমে শিল্পী নিজের চেনা ছন্দের বাইরে এক ভিন্ন রূপে হাজির হয়েছেন। এর আগে নকুল সরকারের পরিচালনায় কুসুম শিকদার রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’ গেয়েছিলেন। সংগীতে ফেরার পাশাপাশি তিনি নতুন কাজের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন।

