দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে ঝড় তুলেছে পরিচালক না হং-জিনের নতুন বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সারভাইভাল থ্রিলার ‘হোপ’। মুক্তির পরপরই সিনেমাটি দেশটির প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে। বক্স অফিস ট্র্যাকিং সেবা কোবিসের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ জুলাই সপ্তাহান্তে ছবিটি দক্ষিণ কোরিয়ার মোট বক্স অফিস আয়ের ৬৬ দশমিক ৬২ শতাংশ একাই দখল করেছে।
কোবিসের দেওয়া তথ্যমতে, এই তিন দিনে ‘হোপ’ দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন ১৫ লাখ ৪ হাজার ১৯ জন দর্শক। আর এ সময়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ডলার। সব মিলিয়ে এখন পর্যন্ত সিনেমাটি মোট ১ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে এবং এটি দেখেছেন ২১ লাখ ২৯ হাজার ৭২৩ জন দর্শক।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রে রহস্য, সহিংসতা ও মনস্তাত্ত্বিক উত্তেজনার জন্য বিশেষভাবে পরিচিত পরিচালক না হং-জিন। এর আগে ‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ এবং ‘দ্য ওয়েইলিং’ দিয়ে বিশ্বজুড়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি। তবে ২০১৬ সালে ‘দ্য ওয়েইলিং’ মুক্তির পর দীর্ঘ এক দশক নতুন কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসেননি এই নির্মাতা। ‘হোপ’ ছবির মাধ্যমে অবশেষে দর্শকদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।
এই চলচ্চিত্রের অন্যতম বড় আকর্ষণ হলো এর আন্তর্জাতিক তারকা বহর। কোরিয়ার জনপ্রিয় অভিনয়শিল্পী হোয়াং জং-মিন, জো ইন-সাং এবং জং হো-ইয়নের পাশাপাশি এতে অভিনয় করেছেন হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্দর, টেলর রাসেল ও ক্যামেরন ব্রিটন।
প্রেক্ষাগৃহে মুক্তির আগে গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ‘হোপ’। পরে নিউইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও সেন্টারপিস চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় এটি। উত্তর আমেরিকায় সিনেমাটি মুক্তি দেবে স্বাধীন চলচ্চিত্র পরিবেশক সংস্থা ‘নিওন’। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সাফল্য পাওয়া ‘প্যারাসাইট’, ‘অ্যানাটমি অব আ হেল’ কিংবা ‘আনোরা’র মতো ছবির পরিবেশক হিসেবে নিওনের বেশ খ্যাতি রয়েছে।

