ক্যারিয়ারের ব্যস্ততার মাঝে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই সুখবরটি জানিয়েছেন পায়েল। ছবিতে তাকে লাল জমকালো শাড়িতে নববধূর সাজে দেখা গেছে, যেখানে পাশে ছিলেন তার স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যরা।
বিয়ের খবর জানিয়ে পায়েল লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।'
পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার জীবনসঙ্গীকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী এবং তিনি যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
বিয়ের তারিখ নিয়ে অনুরাগীদের মাঝে প্রশ্ন তৈরি হলে মন্তব্যের ঘরে পায়েল নিজেই তা স্পষ্ট করেছেন। তিনি জানান, বিয়ে বেশ কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে পায়েল লিখেছেন, 'বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে-এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।'
দীর্ঘদিন ধরে উপস্থাপনার মাধ্যমে ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইসরাত পায়েল। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল'-এ সাফল্যের পর তিনি আলোচনায় আসেন। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন তিনি। উপস্থাপনার পাশাপাশি মডেলিং এবং উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন এই তারকা।

