কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পের বই ‘A White Dove’s Elegy’ (আ হোয়াইট ডাভ্স এলেজি) প্রকাশিত হয়েছে। সহজ প্রকাশ থেকে প্রকাশিত এই বইটিতে মোট সাতটি গল্প স্থান পেয়েছে, যা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বইটি আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে।
বইটি বর্তমানে দেশের বৃহত্তম অনলাইন বুকশপ রকমারি ডটকমসহ বিভিন্ন অভিজাত গ্রন্থবিতানে পাওয়া যাচ্ছে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে রচিত এই গল্পগুলো হলো—‘A White Dove’s Elegy’, ‘The Rat’, ‘How I Became a Dog’, ‘The Day Moumita Returned Home’, ‘When Words Fail’, ‘Adoption’ এবং ‘The Corporate Circus’। ইংরেজিতে অনূদিত হওয়ার আগে এই গল্পগুলো বিভিন্ন সময়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, সাহিত্য সাময়িকী এবং অনলাইন পোর্টালে বাংলায় প্রকাশিত হয়েছিল।
বইটির অনুবাদক অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী বলেন, “হাবিবুল্লাহ ফাহাদ যে সময় ও জীবনের গল্প বলেন তা আমাদের অতিপরিচিত বটে। তবে তার আখ্যান চেনামুহূর্তকেও পিছন ফিরে দেখতে আগ্রহ জাগায়। বিশেষ করে তার ভাষার কাব্যময় মাধুর্য্য সমসাময়িক বাংলা কথাশিল্পে স্বাতন্ত্র্য তৈরি করেছে অনায়াসে।”
দেড় যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত হাবিবুল্লাহ ফাহাদ বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ‘খৈয়া গোখরার ফণা’, ‘বজলু জানে লাশের পরিচয়’, ‘দরজার ওপাশে ভোর’ ও ‘দানামাঝির বউ’। এছাড়া তাঁর লেখা উপন্যাসের মধ্যে রয়েছে ‘জলপাই রঙের দিনরাত’ ও ‘বসন্ত রোদন’।
কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদ বেশ কিছু সাক্ষাৎকার সংকলনও প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে আহমদ রফিক ও রফিকুল ইসলামের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি’, ‘আলাপের সুবাসে সন্জীদা খাতুন’ এবং ‘তিন যোদ্ধার মুখোমুখি’। এছাড়াও তাঁর লেখা জীবনী গ্রন্থ ‘আমাদের বঙ্গবন্ধু’ এবং স্বকৃত নোমানের কথামালা নিয়ে সম্পাদিত গ্রন্থ ‘গহিনের দাগ’ পাঠকমহলে সমাদৃত হয়েছে।

