কক্সবাজার সমুদ্রসৈকতে দীঘির নতুন লুক, শুটিং নিয়ে ধোঁয়াশা

জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে হঠাৎ দেখা গেছে কক্সবাজার সমুদ্রসৈকতে। সম্প্রতি সৈকতের নীল জলরাশি, ঢেউ এবং বালুচরের মাঝে তোলা দুটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছিমছাম সাজের এই নতুন লুক মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে এবং শুরু হয়েছে নানা আলোচনা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করে দীঘি ক্যাপশনে লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের আপডেট শেয়ার করা দীঘির এই ছবিতে ভক্তরা বেশ ইতিবাচক মন্তব্য করেছেন এবং অভিনেত্রীর প্রশংসায় মেতেছেন।

জানা গেছে, বর্তমানে দীঘি কক্সবাজারে শুটিংয়ের কাজে অবস্থান করছেন। তবে তিনি ঠিক কোন প্রজেক্টের শুটিং করছেন, তা এখনো পরিষ্কার করেননি। এটি কোনো নতুন সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো বিশেষ কাজ—সে বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করতে চাননি তিনি। নতুন কাজ সম্পর্কে জানতে চাওয়া হলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

উল্লেখ্য যে, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও বড় পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন।