বলিউডে জম্বি ঘরানার সিনেমার জোয়ার: লড়বেন রণবীর-কার্তিক

বলিউডে এখন নতুন ধারার সিনেমার জোয়ার বইছে। রোমান্টিক, অ্যাকশন কিংবা অ্যাডভেঞ্চার ঘরানার বাইরে গিয়ে দর্শক এখন জম্বি থ্রিলার সিনেমার দিকে ঝুঁকছেন। আগামী বছরগুলোতে বেশ কয়েকটি জম্বি ঘরানার সিনেমা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা, যেখানে বলিউডের শীর্ষ তারকাদের মুখোমুখি হতে দেখা যাবে।

‘ধুরন্ধর’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর রণবীর সিং এবার জম্বি থ্রিলার ‘প্রলয়’ নিয়ে পর্দায় ফিরতে প্রস্তুত। জয় মেহতার পরিচালনায় নোবেলজয়ী লেখক জোসে সারামাগোর ‘ব্লাইন্ডনেস’ উপন্যাস অবলম্বনে সিনেমাটির শুটিং আগামী বছরের শেষদিকে শেষ হবে। তবে রণবীর একা এই ময়দান মাতাতে পারছেন না, কারণ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, পরিচালক বিষ্ণুবর্ধনের পরিচালনায় কার্তিকের একটি জম্বি সিনেমা ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে, যা রণবীরের ‘প্রলয়’-এর আগেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, নাম ঠিক না হওয়া কার্তিকের এই সিনেমার শুটিং আগামী মাসেই শুরু হচ্ছে এবং ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এটি মুক্তির লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

জম্বি ঘরানার এই ট্রেন্ডে কেবল রণবীর বা কার্তিকই নন, যোগ দিচ্ছেন টাইগার শ্রফও। আহমেদ খানের একটি জম্বি-কমেডি সিনেমায় তাকে দেখা যাবে। এছাড়া ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘জম্বি রেড্ডি’র সিক্যুয়েল নিয়ে আসছেন তেজা সাজ্জা ও শানায়া কাপুর।

উল্লেখ্য যে, ২০১৩ সালে সাইফ আলী খানের ‘গো গোয়া গন’ এবং ২০২০ সালে নেটফ্লিক্সের ‘বেতাল’-এর মাধ্যমে ভারতীয় দর্শকরা জম্বি ঘরানার সিনেমার সাথে পরিচিত হয়েছিল। বর্তমানে ‘ট্রেন টু বুসান’ কিংবা ‘অল অব আস আর ডেড’-এর মতো আন্তর্জাতিক মানের কনটেন্ট দেখে অভ্যস্ত ভারতীয় দর্শকদের সামনে এখন মানসম্পন্ন সিনেমা উপহার দেওয়াটাই নির্মাতাদের প্রধান চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, বলিউডের এই জম্বি মহাযুদ্ধে শেষ হাসি কে হাসেন।