সিনেমা ও নাটকের জগতের তারকাদের জীবনের বাইরের অজানা গল্পগুলো তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে নতুন সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’। এই আয়োজনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তিনি নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সম্পর্ক, বিয়ে এবং নানা গুঞ্জন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
আলাপচারিতার এক পর্যায়ে বাঁধন অকপটে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, তিনি পুরুষকে ভালোবাসতে পছন্দ করেন, তবে তার নারী হেটার্সের সংখ্যাই বেশি। বিয়ের ইচ্ছার কথা প্রকাশ করে তিনি মজার ছলে আক্ষেপ করে জানান যে, আগ্রহ থাকলেও এখন পর্যন্ত উপযুক্ত পাত্র মিলছে না।
শুধুমাত্র ব্যক্তিগত জীবনই নয়, এই আড্ডায় সমসাময়িক বিষয়, ছাত্র-জনতার আন্দোলন এবং রাজনীতি নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে বাঁধনের আরও কিছু ব্যক্তিগত ও মজার উত্তর উঠে আসবে।
অনুষ্ঠানটির প্রযোজক নাবিলা মারজুক এবং স্টুডিও ইনচার্জ হিসেবে রয়েছেন লিটু হাসান। দর্শক ‘স্টার স্টোরিজ’ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন আগামীর সময় এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তারকাদের জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করা এই আড্ডাটি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

