প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু কয়েক মাস পার হতে না হতেই তাঁর কণ্ঠে নতুন গান ‘ইয়ে আওয়ারাপন’ মুক্তি পাওয়ায় ভক্ত ও শ্রোতাদের মধ্যে প্রশ্ন উঠেছে, ভারতের অন্যতম জনপ্রিয় এই গায়ক কি আবারও সিনেমার গানে নিয়মিত হচ্ছেন?
বলিউডের আলোচিত ছবি ‘আওয়ারাপন ২’-এর নতুন গান ‘ইয়ে আওয়ারাপন’ মুক্তি পেয়েছে ২১ জুলাই। গানটির সুর করেছেন অমাল মালিক এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ। গানটি প্রকাশের পর থেকেই অনেকে একে অরিজিতের ‘কামব্যাক’ বা ফিরে আসা হিসেবে দেখছেন। কারণ, ২০২৬ সালের শুরুতেই অরিজিৎ জানিয়েছিলেন, নিজের সংগীত নিয়ে মনোযোগ বাড়াতে তিনি আর নতুন কোনো সিনেমার প্লেব্যাকে কাজ করবেন না।
তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। গানটি প্রকাশের আগে সুরকার অমাল মালিক এক্সে এক শ্রোতার প্রশ্নের জবাবে জানিয়েছেন, অরিজিৎ গত সপ্তাহেই গানটি রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি কোনো পুরোনো প্রতিশ্রুতির কাজ নয় বলেও তিনি জানান। প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রোলিং স্টোন ইন্ডিয়া-কে জানিয়েছে, অরিজিৎ প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই গানটি রেকর্ড করেছেন। অন্যদিকে, দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে অরিজিতের ব্যবস্থাপনা দলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি প্লেব্যাকে ফিরছেন না।
গানটিতে অরিজিতের চেনা আবেগময় কণ্ঠের পাশাপাশি রক ব্যালাড ও পপ সংগীতের আবহ পাওয়া যায়। গানের ভিডিওতে দেখা গেছে ইমরান হাশমি ও দিশা পাটানিকে। নিতিন কাক্কারের পরিচালনায় এই ছবিটি প্রযোজনা করেছে বিশেশ ফিল্মস। ২০০৭ সালের মোহিত সুরি পরিচালিত ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে ছবিটি ১৪ আগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে অরিজিৎ ভক্তদের জানিয়েছিলেন তিনি আর প্লেব্যাকে কাজ করবেন না। এরপরও তিনি সিনেমার বাইরের সংগীতে যুক্ত ছিলেন। এছাড়া ‘ধুরন্ধর’ ছবির ‘গেহরা হুয়া’ ও ‘ফির সে’ এবং ‘ককটেল ২’-এর ‘তুঝকো’ গানেও তাঁকে পাওয়া গেছে। সব মিলিয়ে ‘ইয়ে আওয়ারাপন’ গানটি অরিজিতের প্লেব্যাক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—তিনি কি সত্যিই সরে গেছেন, নাকি সিনেমার দরজা তাঁর জন্য এখনো খোলা?

