নেপালে বন্যার ধকল পেরিয়ে দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালের মনোরম পাহাড়ি পরিবেশে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল পুরো টিম। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিনেমাটির পুরো দল।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় ঢাকা ও কলকাতার একঝাঁক শিল্পী অভিনয় করছেন। নেপালে দৃশ্যধারণের কাজ চলার মাঝেই হঠাৎ আবহাওয়া চরম বৈরী রূপ নেয়। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এমন সংকটময় পরিস্থিতিতে শুটিং দ্রুত শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নেয় পুরো টিম। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাইকে নিয়ে নিরাপদে ফিরে আসাটা ছিল বেশ বড় একটি চ্যালেঞ্জ।

দেশে ফেরার পর বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি এটাই বড় কথা।’

অপু বিশ্বাস ও তার দল নিরাপদে ফিরতে পারলেও একই দুর্যোগের কারণে নেপালে আটকা পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি। তাসরিফ জানান, যে সড়ক দিয়ে তাদের দেশে ফেরার কথা ছিল, বন্যার তীব্রতায় সেটি ধসে গেছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়লেও নিজের এবং সঙ্গে থাকা বন্ধুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য তারা এখন সেখানে অপেক্ষা করছেন।