মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘আন্ধার’, চূড়ান্ত তারিখ ২৬ মার্চ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু দিন ধরেই পরিচালক রায়হান রাফীর হরর ঘরানার সিনেমা ‘আন্ধার’ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। সিনেমাটির প্রথম টিজার দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি করেছিল। শুরুতে অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় অক্টোবরে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে যে গুঞ্জন ছিল, অবশেষে তা সত্যি প্রমাণিত হলো।

গত মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তার মাধ্যমে নির্মাতা ও কলাকুশলীরা সিনেমাটির চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করেন। সেখানে জানানো হয়েছে, কোনো উৎসব বা ঈদ ছাড়াই আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

নির্মাতা রায়হান রাফী ভিডিও বার্তায় বলেন, চাইলে ১৬ অক্টোবর সিনেমাটি রিলিজ করা যেত, তবে সেক্ষেত্রে ভিএফএক্স-এর মান খারাপ হওয়ার আশঙ্কা ছিল। তিনি কোনোভাবেই সিনেমার মানে ছাড় দিতে রাজি নন, তাই অক্টোবর বা ডিসেম্বর নয়, বরং আগামী বছর ঈদ ছাড়াই ২৬ মার্চ সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন, আর কিছু দিন সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ভৌতিক সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনোয়ার ও ফারুক রেহান। এছাড়া পোস্টারের তথ্য অনুযায়ী, সিনেমাটির গল্পের সাথে শাকিব চৌধুরী, বসবাবা সুমন ও আদনান আদিব খানের নামও যুক্ত রয়েছে। এখন দর্শকদের মাঝে যে আগ্রহ তৈরি হয়েছে, মুক্তির পর সিনেমাটি কেমন সাড়া ফেলে সেটাই দেখার বিষয়।