ধর্ম পালনে অভিনয় ছাড়ার পক্ষে নন অমিত হাসান

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক অমিত হাসান দীর্ঘদিন অভিনয়ের নিয়মিত ধারায় না থাকলেও নিজের পেশাগত অবস্থান ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় বসবাস করলেও সম্প্রতি তাকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দেখা গেছে। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার ব্যক্তিজীবন, ধর্মচর্চা এবং অভিনয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

অমিত হাসানের মতে, অভিনয় এবং ধর্মীয় অনুশীলন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তিনি মনে করেন না যে ধর্ম পালন করার জন্য অভিনয় পেশা ছেড়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। বরং নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় কর্তব্যগুলোও সমানভাবে চালিয়ে যেতে চান এই অভিনেতা। তিনি বলেন, ধর্মটা সম্পূর্ণ নিজের কাছে। অভিনয় করছি বলে ধর্ম করব না, আবার ধর্ম করব বলে অভিনয় ছেড়ে দেব—বিষয়টি এমন নয়। এটি ব্যক্তিগত চিন্তার বিষয় হতে পারে, তবে তার কাছে ধর্ম ও কর্ম আলাদা।

অভিনয়কে কেবল পেশা নয়, নিজের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন অমিত হাসান। তার দীর্ঘ ক্যারিয়ারে এই অভিনয়ের মাধ্যমেই তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন এবং নিজের পরিবারের দায়িত্ব পালন করেছেন। তাই হঠাৎ করে জীবন থেকে এই পেশাকে বাদ দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি। তিনি জানান, এফডিসি বা অভিনয় তার কর্মস্থল এবং এই কাজের মাধ্যমেই মানুষ তাকে চেনে।

ধর্মীয় দায়িত্ব পালনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অমিত হাসান বলেন, তিনি নিয়মিত ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা এবং হজ পালনের বিষয়টিকে ধর্মীয় কর্তব্য হিসেবে দেখেন। অভিনয়ের পাশাপাশি এগুলোও তিনি চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, তিনি সবসময় সৎভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং ধর্ম পালনের চেষ্টাও করেছেন। তবে নিজের পেশাগত কর্মকাণ্ড কিংবা ধর্মীয় জীবনের মূল্যায়ন তিনি মানুষের হাতে ছাড়তে চান না। তিনি মনে করেন, তিনি কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন, তার প্রকৃত বিচার সৃষ্টিকর্তাই করবেন।