দক্ষিণী মেগাস্টার আল্লু আর্জুনের স্টাইলিশ অভিনয় এবং ব্যক্তিত্বে মুগ্ধ কোটি কোটি ভক্ত। তার ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী এই সুপারস্টার ফাঁস করেছেন তার শৈশবের প্রথম এবং একমাত্র সেলিব্রিটি ক্রাশের নাম। তিনি জানিয়েছেন, সেই অভিনেত্রীর বিয়ের খবর শুনে তিনি রীতিমতো ভেঙে পড়েছিলেন।
আল্লু আর্জুনের শৈশবের সেই কাঙ্ক্ষিত ক্রাশ আর কেউ নন, ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। ছোটবেলা থেকেই শ্রীদেবীর অনবদ্য রূপ ও অভিনয়ের প্রতি অন্ধ অনুরাগী ছিলেন তিনি। প্রিয় এই অভিনেত্রীকে অন্য কারও পাশে কল্পনা করাও তার পক্ষে ছিল কঠিন।
কলকাতাভিত্তিক গণমাধ্যম আজকালের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের জুনে যখন প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী বিয়ের বন্ধনে আবদ্ধ হন, তখন মন ভেঙে যায় আল্লু আর্জুনের। তার কাছে এটি ছিল অবিশ্বাস্য এক সংবাদ। প্রিয় অভিনেত্রী অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন—এই আঘাত সহ্য করতে না পেরে সেদিন টানা একটি দিন অঝোরে কেঁদেছিলেন এই অভিনেতা। তার এমন হাউমাউ কান্না দেখে পরিবারের সদস্যরাও অবাক হয়ে গিয়েছিলেন।

