পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ নিয়ে কেন এত বিতর্ক ও অচলাবস্থা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ নিয়ে জটিলতা যেন থামছেই না। একের পর এক নিয়োগ ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনার জেরে বিভিন্ন ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিয়েছে। নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) টানা আটদিন ধরে অচল হয়ে আছে। একই ধরনের চিত্র দেখা যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও। নিয়োগের পর আন্দোলন বা অভিযোগের মুখে ব্যবস্থা নেওয়ার বদলে কেন এসব বিষয় নিয়োগের আগেই শনাক্ত করা যাচ্ছে না, তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে।

বর্তমানে চুয়েটে স্থবিরতা চলছে। সাবেক ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর সরিয়ে অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে নিয়োগ দেয় সরকার। আগের ভিসিকে দক্ষ ও চুয়েট বান্ধব দাবি করে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা লাগাতার আন্দোলন করছেন। যদিও নতুন ভিসি অনলাইনে দায়িত্ব পালনের চেষ্টা করছেন, তবে এতে পরিস্থিতির সুরাহা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও নতুন ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমানের নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন। গত ২৬শে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় তাকে নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তাদের দাবি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে আসা কাউকে ভিসি হিসেবে চান না। আন্দোলনের মধ্যেই তিনি বারিধারার অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে এক বছরে দুবার ভিসি নিয়োগের ঘটনা ঘটল। অন্যদিকে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশ দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন। গত ৭ই সেপ্টেম্বর পাঁচ শিক্ষকসহ এগারো শিক্ষক-কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ নিয়ে নিয়মিত অসন্তোষ দেখা দিচ্ছে। গত ১৪ই মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ঘণ্টা না পেরোতেই অধ্যাপক ড. মো. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করা হয়। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগের পর শিক্ষার্থীরা ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন করেন। ক্যাম্পাস থেকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছিলেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৯শে জুলাই অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু ৩৭ দিন পর ২৫শে আগস্ট তাকে সরিয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি করা হয়। এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিয়োগের ২৩ দিনের মাথায় ভিসি বদল নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। ১৪ই মে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে সরিয়ে ৬ই জুন অধ্যাপক ড. মো. আমির হোসেনকে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে টাইপিং মিসটেকের গুঞ্জনও ছড়িয়েছিল।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের জন্য সার্চ কমিটি কাজ করে। সর্বশেষ ১লা এপ্রিল গঠিত সার্চ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইউজিসি সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসানকে রাখা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক ভিসি বলেন, নিয়োগের পর পূর্বের কর্মকাণ্ড সামনে এনে সরিয়ে দেওয়া একজন শিক্ষকের জন্য অপমানজনক। তিনি প্রশ্ন তোলেন, নিয়োগের আগে কেন এসব যাচাই করা হয় না। তিনি মনে করেন, দলীয় বিবেচনায় নিয়োগ দিলেও যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব।

ইউজিসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম ফায়েজ বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত শিক্ষার্থীদের হতাশ করেছে। তিনি মনে করেন, কোনো শিক্ষক যদি ভিসি হওয়ার জন্য লবিং করেন, তবে শুরুতেই তার আবেদন বাতিল করা উচিত। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে চ্যান্সেলরের অনুমোদনে সম্পন্ন হয়।