বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ৩ বছরে ৫২২ কোটি টাকার বরাদ্দ, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রশ্ন

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছে। হিসেব অনুযায়ী, শেষ তিন অর্থবছরেই এই খাতে প্রায় ৫২২ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। তবে বিপুল এই অর্থ বরাদ্দের বিপরীতে কাজের মান ও সঠিক ব্যবহার নিয়ে সন্তোষজনক কোনো উত্তর মিলছে না। গবেষণার নামে অর্থের ব্যাপক নয়-ছয়, অন্যের লেখা কপি-পেস্ট বা নকল করা এবং অনলাইনে থিসিস-পেপার কেনাবেচার মতো অভিযোগ সামনে আসছে। একই সঙ্গে রয়েছে বরাদ্দ করা অর্থ পুরোপুরি ব্যয় করতে না পারার চিত্র। এমনকি অতীতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় মোট কত ব্যয় হয়েছে এবং তার বিপরীতে কী সুফল এসেছে, সে সংক্রান্ত সমন্বিত কোনো হিসাবও নেই।

প্রকৃত গবেষকরা অর্থ ও সুযোগের অভাবের কথা বললেও মাঠপর্যায়ে নানা আমলাতান্ত্রিক ও রাজনৈতিক জটিলতার চিত্র দেখা যায়। কীটতত্ত্ব নিয়ে গবেষণার জন্য আবেদন করেছিলেন ড. শফিউল ইসলাম। তিনি জানান, ভাইভাতে ইতিবাচক কথা বলা সত্ত্বেও তার আবেদন শেষ পর্যন্ত পাস করা হয়নি। পরবর্তীতে হতাশ হয়ে তিনি দেশের বাইরে আবেদনের চেষ্টা করেন এবং 'জে ওয়ান' ভিসার সুযোগ পান। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তাকে ছাড়পত্র না দেওয়ায় একপর্যায়ে তিনি চাকরি ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হন।

গবেষণার অনুদান বন্টনে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিকে প্রধান বাধা হিসেবে দেখছেন শিক্ষকরা। এক বিশ্ববিদ্যালয় শিক্ষক জানান, অনুদান বরাদ্দের জন্য গঠিত বোর্ডে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি। কারণ অধিকাংশ ক্ষেত্রে গবেষণার চেয়ে রাজনৈতিক পরিচয়ই মুখ্য হয়ে ওঠে। এর পাশাপাশি স্বজনপ্রীতিও বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। মূলত এই দুই পথেই গবেষণা অনুদান বেশি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাদ্দ বাড়াবে- এটাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও ওই শিক্ষক বলেন, বোর্ডের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় শিক্ষকদের রাখা উচিত নয়। অতীতে এই চর্চা ব্যাপক ছিল এবং এখন তা আবারও শুরু হয়েছে।

ইউজিসি-র পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, অনুদানের একটি বড় অংশ অব্যয়িত থেকে যাচ্ছে। ২০২০-২১ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় ৭৫ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে প্রকৃত ব্যয় হয়েছিল ৫৩ কোটি ৫৪ লাখ টাকা, অর্থাৎ ২১ কোটি ৮৫ লাখ টাকা অব্যয়িত ছিল। ২০২১-২২ অর্থবছরে ১০০ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দের মধ্যে ব্যয় হয় ৮৫ কোটি ৮২ লাখ টাকা এবং অব্যয়িত থাকে ১৪ কোটি ৯৭ লাখ টাকা। একইভাবে ২০২২-২৩ অর্থবছরে ১২১ কোটি ৫ লাখ টাকার সংশোধিত বরাদ্দের মধ্যে প্রকৃত ব্যয় দাঁড়ায় ১০৩ কোটি ২০ লাখ টাকায়, যেখানে ১৭ কোটি ৮৫ লাখ টাকা অলস পড়ে থাকে। গবেষণার বিষয়ভিত্তিক বরাদ্দ বা সুনির্দিষ্ট প্রভাব নিয়ে একক কোনো ডাটা না থাকায় অর্থ আত্মসাৎ ও প্রকৃত গবেষণার চিত্র আড়ালেই থেকে যাচ্ছে।

পরবর্তী অর্থবছরগুলোতে ইউজিসি গবেষণা খাতে বরাদ্দ আরও বাড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ১৪৪ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১৮৮ কোটি ৬৫ লাখ টাকায়। ২০২৫-২৬ অর্থবছরে এই অনুদান ১৯০ কোটি ৬৫ লাখ টাকা নির্ধারণ করা হয় এবং ২০২৬- ২৭ অর্থবছরে গবেষণা খাতে প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করছে ইউজিসি। তবে গবেষকরা একদিকে অর্থের ঘাটতির কথা বলছেন, অন্যদিকে প্রতিবছর কোটি কোটি টাকা অব্যয়িত থেকে যাওয়া অনুদান ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।

অবশ্য সাম্প্রতিক সময়ে গবেষণার আবেদনে জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। আগে বছরে ৪০০ থেকে ৫০০টি আবেদনের বিপরীতে ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই হাজার আবেদন জমা পড়ছে। বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় বেশি আগ্রহ দেখাচ্ছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের কারণেই মূলত এই গতি এসেছে। কিন্তু প্রায় ৪ হাজার কোটি টাকার এই হিট প্রকল্প নিয়েও অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। শিক্ষকরা এ নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের পিডি হিসেবে তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরীর নিয়োগ দেওয়া অধ্যাপক ড. আসাদুজ্জামানকে গত ২৬শে অক্টোবর সরিয়ে দেওয়া হয়। তার স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হককে নতুন পিডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মানহীন ও ভুয়া গবেষণার কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট গবেষকদের অন্তত ৩২৫টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার করা হয়েছে। এসব প্রত্যাহারের প্রধান কারণ ছিল প্লেজিয়ারিজম বা লেখা চুরি, তথ্য ও ফলাফলের অসঙ্গতি এবং একই তথ্যের বারবার ব্যবহার। এর মধ্যে ভুয়া পিয়ার রিভিউ সবচেয়ে আশঙ্কাজনক রূপ নিয়েছে, যেখানে অর্থ লেনদেন বা ব্যক্তিগত সম্পর্কের খাতিরে ভালো রিভিউ দেওয়া হয়। এর ফলে প্রকৃত গবেষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিদ্যমান এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গবেষণার ক্ষেত্রে পরিবর্তন আনার কথা জানিয়েছে ইউজিসি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন জানান, বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে একটি নাস্তানাবুদ অবস্থায় রেখে গেছে। তারা গবেষণা খাতকে মানসম্মত পর্যায়ে নিতে চান এবং ইতিমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা যাতে বাস্তবে সুফল দেয়, সে জন্য বিভিন্ন শিল্পের (ইন্ডাস্ট্রি) সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং এই সমন্বয় সুন্দরভাবে বাস্তবায়নে বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।