নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে দিল্লিতে চলমান আন্দোলনের মাঝে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরও বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান সোনম ওয়াংচুককে উদ্দেশ্য করে বলেন, সোনম, যথেষ্ট হয়েছে ভাই। অনশন আর দীর্ঘায়িত করো না। ভবিষ্যতে লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো, যদিও আমার মনে হয় আর তার প্রয়োজন হবে না। এখন কিছু খেয়ে নাও। প্রয়োজনে আমি তোমার জন্য বাড়ির রান্না করা খাবার পাঠাতে পারি।
ভারতের লাদাখের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগের জন্য পরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন। প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের দাবিতে তিনি এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সালমান খান তার বার্তায় আরও উল্লেখ করেন যে, শিক্ষা ও নিরাপত্তা—উভয় ক্ষেত্রেই দেশের শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তাই শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং তাদের অভিভাবকদেরও দুশ্চিন্তা করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন সালমান। তিনি বলেন, আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীদের বলব, আপনারা বাড়ি ফিরে যান এবং পরিবারের সঙ্গে থাকুন। এর আগেও সালমান খান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নিজের সমর্থন জানিয়েছিলেন।

