জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবু তাহের। একই সঙ্গে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া গুণী শিক্ষক সম্মাননা পদক অর্জন করেছেন তিনি। তার এই জোড়া অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব ও দায়িত্বশীল শিক্ষকতার অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক অসচ্ছল কৃষক পরিবারে জন্ম নেওয়া আবু তাহেরের শৈশব থেকেই শিক্ষার প্রতি ছিল প্রবল অনুরাগ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় গ্রেডে এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন তিনি। ১৯৮৩ সালে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করে ভর্তি হন নেত্রকোনা সরকারি কলেজে। তবে আর্থিক সংকটের কারণে নেত্রকোনা শহরে থেকে পড়াশোনা চালানো তার জন্য কঠিন ছিল। বাধ্য হয়ে কলমাকান্দায় থেকেই শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ জোগাড় করতেন। পারিবারিক নানা সমস্যার কারণে উচ্চমাধ্যমিক শ্রেণিতে মাত্র সাত দিন ক্লাস করার সুযোগ পেয়েছিলেন তিনি।
প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন করেন আবু তাহের। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আনন্দ মোহন কলেজ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে সপ্তম স্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। জীবিকার তাগিদে ছাত্রজীবন থেকেই বিভিন্ন কাজ করা আবু তাহের মাস্টার্স সম্পন্ন করে নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় স্থান পেয়ে অগ্রণী ব্যাংকের অফিসার পদে যোগ দেন। তবে শিক্ষকতার প্রতি গভীর আকর্ষণের কারণে ১৯৯৬ সালে ১৬তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, গৌরীপুর সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ও ফুলবাড়ী সরকারি কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। গণিতের শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ পরিচালনার মাধ্যমে তিনি ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেন। নিজের জীবনসংগ্রামের অভিজ্ঞতা থেকেই তিনি অনুধাবন করেছিলেন শিক্ষার প্রকৃত গুরুত্ব, যা তাকে পরবর্তীতে শিক্ষার্থীদের সুযোগ ও উপযুক্ত পরিবেশ তৈরির কাজে অনুপ্রেরণা দিয়েছে।
নিজ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে আবু তাহের একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত হন। প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণের জন্য তিনি ব্যক্তিগতভাবে ১৭ লাখ টাকা অনুদান দেন। তার নিরলস প্রচেষ্টায় নেত্রকোনা সরকারি কলেজ ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি পায়। পরবর্তীতে কলেজটি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে সংশ্লিষ্ট পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে এবং চলতি বছর শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক স্বীকৃতি লাভ করে।
প্রতিষ্ঠানটিতে তিনি গণিত বিভাগের প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দুই বছরের বেশি সময় ধরে অধ্যক্ষের দায়িত্বে থেকে কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসি বাস সার্ভিস চালু এবং ক্যাম্পাসে একটি মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা তার অন্যতম উদ্যোগ। পাশাপাশি ছাত্রাবাস, ১০ তলাবিশিষ্ট অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনাসমূহ এগিয়ে নিচ্ছেন তিনি।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে আবু তাহের বিশেষ কিছু উদ্যোগ পরিচালনা করছেন। কলেজের ১৪টি অনার্স বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরাদের পুরস্কৃত করা হয়। গত চার বছরে ৫৬টি অনুষ্ঠানের মাধ্যমে ৫৬০ জন শিক্ষার্থীকে এই পুরষ্কার দেওয়া হয়েছে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যেও ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণের ব্যবস্থা রয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করছে।

