বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।
এর আগে সোমবার সরকার ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করে। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, সেই সময় পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তার পরের দিনই শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি এল।
বর্তমানে দেশে সোয়া ৬ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সাধারণত সরকারের কাছ থেকে মূল বেতন ও নির্দিষ্ট কিছু ভাতা পেয়ে থাকেন। সম্প্রতি তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রক্রিয়ার প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয় এবং অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

