ছেলের গেঞ্জি জড়িয়েই ঘুমাই: জুলাই শহীদ সাজিদের মায়ের আকুতি

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহিদ একরামুল হক সাজিদের মা তার সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি নিজের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “আজ আমি একজন শহীদের মা হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার ছেলে আর ফিরে আসবে না, কিন্তু তার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাকে তাড়া করে বেড়ায়।” সন্তানের হারানো বেদনা প্রকাশ করতে গিয়ে তিনি জানান, এখনো তিনি সাজিদের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমান। তার ভাষায়, “আমি এখনো সাজিদের গেঞ্জি নিয়ে ঘুমাই। আমি এখনো জিন্দা লাশের মতো বেঁচে আছি। মনে হয়, আমার ছেলে যেন এখনো আমার কাছেই আছে।”

মায়ের এই আবেগপূর্ণ বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ যেন ভবিষ্যতে কখনো বৈষম্য, অন্যায় ও স্বৈরাচারের পথে ফিরে না যায়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।