যশোর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উন্নয়ন, মনোযোগ বৃদ্ধি এবং ব্যক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে 'রাইজ অ্যান্ড থ্রাইভ'-এর উদ্যোগে একটি মাইন্ড প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই কর্মশালায় প্রথম বর্ষের ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হানোনাত মো. আহসান হাবিব।
প্রশিক্ষণটি পরিচালনা করেন 'রাইজ অ্যান্ড থ্রাইভ'-এর প্রতিষ্ঠাতা, মাইন্ড প্রোগ্রামার ও সোশ্যাল সাইকোলজিস্ট মো. হামিদুল হক, যিনি সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের সহকারী অধ্যাপক। কর্মশালাটিতে মানব মস্তিষ্কের কার্যপ্রণালি, স্মৃতিশক্তি উন্নয়নের আধুনিক কৌশল এবং কার্যকর শেখার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের মাইন্ড প্যালেস পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্ক্যান মেমরি কৌশলের ব্যবহার এবং দ্রুত শেখার বিভিন্ন অনুশীলনের সুযোগ দেওয়া হয়।
মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক চাপ মোকাবিলা, মনোযোগ বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং কার্যকর অধ্যয়ন পদ্ধতি নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়। নিউরোপ্লাস্টিসিটি-ভিত্তিক মাইন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, আত্মবিশ্বাস বৃদ্ধি, হতাশা ও হীনমন্যতা কাটিয়ে ওঠা এবং মানসিক প্রশান্তি অর্জনের কৌশলগুলোও অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন চিকিৎসকের পেশাগত দক্ষতার পাশাপাশি সুস্থ মানসিকতা, তীক্ষ্ণ স্মৃতিশক্তি, মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা সমানভাবে গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রচলিত একাডেমিক শিক্ষার বাইরে এই কর্মশালা তাদের নতুনভাবে শেখার কৌশল, আত্মউন্নয়ন এবং মানসিক সুস্থতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিয়েছে। তারা ভবিষ্যতে চিকিৎসক হিসেবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে এসব কৌশল কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, 'রাইজ অ্যান্ড থ্রাইভ' শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য মাইন্ড প্রোগ্রামিং, স্মৃতিশক্তি উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বিকাশবিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কর্মশালা আয়োজনের ধারাবাহিকতায় যশোর মেডিকেল কলেজে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

