নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এই সেশনে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা সমানভাবে গুরুত্বপূর্ণ। পড়াশোনা, পারিবারিক প্রত্যাশা, ক্যারিয়ার ও সম্পর্কসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। উপাচার্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, এসব ক্ষেত্রে সমস্যাগুলো নিজের মধ্যে চেপে না রেখে পরিবার, বন্ধু, শিক্ষক কিংবা প্রয়োজন অনুযায়ী পেশাদার পরামর্শদাতার সঙ্গে কথা বলা জরুরি।
মানসিক ও শারীরিক সুস্থতার পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস এবং ইতিবাচক জীবনযাপনের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া সহপাঠী ও স্বজনদের মানসিক অবস্থার পরিবর্তনের দিকেও সচেতন দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।
সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দীন। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন ও নোবিপ্রবি মেন্টাল হেলথ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ সরওয়ার, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শিফাত ই মান্নান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়ান আসিফ।
সেশনে বক্তা হিসেবে অংশ নেন সাজিদা ফাউন্ডেশনের প্রিন্স সাহা সোহাগ, জয় শ্রী দেবী এবং শৌজনের কাউন্সেলর লাবণী আক্তার। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা ও ব্যক্তিগত সুস্থতা বজায় রাখার বিষয়ে ধারণা দেওয়া হয় এবং শেষে তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

