মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শেষ করা এক শিক্ষার্থীর শিক্ষাজীবনের চূড়ান্ত দাপ্তরিক কাজ আটকে গেছে মাত্র ৩ টাকার জন্য। সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে এই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন ২০২০-২১ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ক্লিয়ারেন্স ফর্মে স্বাক্ষর নেওয়ার সময় কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে শিক্ষার্থী জানতে পারেন যে, তার নামে ৩ টাকা জরিমানা বকেয়া রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ২০২২ সালে লাইব্রেরি থেকে নেওয়া একটি বই নির্ধারিত সময়ের তিন দিন পরে জমা দিয়েছিলেন তিনি। সেই বিলম্বের জরিমানা হিসেবে ৩ টাকা ধার্য করা হয়েছিল, যা পরিশোধ না হওয়ায় তার ট্রান্সক্রিপ্টের ক্লিয়ারেন্স আটকে দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, এই সামান্য টাকা সরাসরি লাইব্রেরিতে জমা দেওয়ার সুযোগ ছিল না। শিক্ষার্থীকে ব্যাংকে গিয়ে ৩ টাকা জমা দিয়ে সেই রশিদ গ্রন্থাগারে প্রদর্শন করতে হয়। এরপরই তিনি কাঙ্ক্ষিত স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “মাত্র ৩ টাকা জমা দিতে ব্যাংকে যেতে হয়েছে। বিষয়টি আমার জন্য বেশ বিব্রতকর ও অদ্ভুত অভিজ্ঞতা ছিল।”
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাবের স্বচ্ছতা এবং নির্ধারিত আর্থিক প্রটোকল অনুসরণ করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাদের দাবি, নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

