সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে এক ল্যাব সহকারীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের ল্যাব সহকারী শুকুর আলীকে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়।
এর আগে গত বুধবার সিরাজগঞ্জ শহরের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা সিরাজগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে ও পরীক্ষা শেষে রসায়ন বিভাগের ল্যাব সহকারী শুকুর আলী ব্যবহারিক খাতা দেখার কথা বলে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী এক ছাত্রী অভিযোগ করে জানান, ব্যবহারিক পরীক্ষার হাজিরা খাতায় স্বাক্ষর করার অজুহাতে ল্যাব সহকারী শুকুর আলী তাদের শরীর স্পর্শ করেন। ছাত্রীরা তার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি জোরপূর্বক কাছে এসে শরীর স্পর্শ করেন। এছাড়া পরীক্ষা ভালো করিয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নেওয়ারও অভিযোগ করেন ওই ছাত্রী।
এই ঘটনার পরদিন বৃহস্পতিবার ২১ জন ছাত্রী একত্রিত হয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তারা ওই ল্যাব সহকারীর অনৈতিক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযুক্ত ল্যাব সহকারীকে কেবল বদলি করায় অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ছাত্রীরা। তাদের দাবি, শুধু বদলি করলেই এই অন্যায় আচরণের সমাধান হবে না। তাদের সঙ্গে যে আপত্তিকর আচরণ করা হয়েছে, সেজন্য অভিযুক্ত শুকুর আলীকে সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহীদল হাসান জানান, শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ওই ল্যাব সহকারীকে অন্যত্র বদলি করা হয়েছে।

