জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক মূল্যায়নসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো রেজিস্ট্রার ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগে শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জনবল সংকট নিরসন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখক অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং মানোন্নয়ন পরীক্ষায় জিপিএ ৩.২৫ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ। এছাড়া চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চালু, বিশেষ পরিস্থিতিতে অনার্স চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষা নেওয়ার সুযোগ এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়টিও তাদের দাবিনামার অন্তর্ভুক্ত রয়েছে।
জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, দীর্ঘ আট মাস পর একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার না থাকায় ৭৫ দিনের পরিবর্তে ফলাফল পেতে ছয় থেকে দশ মাস পর্যন্ত সময় লাগছে। এমনকি এক সেমিস্টারের পরীক্ষা শুরু হলেও আগের সেমিস্টারের ফলাফল পাওয়া যাচ্ছে না। এছাড়া ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিকভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এটি কার্যকর হলে মানসম্মত জার্নাল প্রকাশ পাবে এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত হবে।
জাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন জানান, একাডেমিক সংস্কারের এই দাবিনামা জাকসুর প্যাডে করে একাডেমিক কাউন্সিলের সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত এই দাবিগুলো মেনে নিয়ে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

