ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৩ সদস্যের তদন্ত কমিটি ও ৪ দফা সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ জিয়াউর রহমান হলে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির নেতার মধ্যে অপ্রীতিকর ঘটনা ও পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা জরুরি সিদ্ধান্ত নিয়েছে প্রক্টোরিয়াল বডি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। উপাচার্যের নির্দেশনায় গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। এই কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রক্টোরিয়াল বডি জরুরি ভিত্তিতে চার দফা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সংঘর্ষের ঘটনা পর্যালোচনা করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং সব হলে বিভাগ ভিত্তিক মেধার আলোকে আবাসিক সিট নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, শনিবার দুপুরে শহিদ জিয়াউর রহমান হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনুর রহমান কর্তৃক হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী জুহায়েরকে চড়থাপ্পড় মারার অভিযোগ ওঠে। এ ঘটনার পর ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও প্রক্টোরিয়াল বডি অভিযুক্ত আলীনুরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

এরপর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দফায় দফায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে শিবির বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়। দীর্ঘ সময় প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের পর তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের নিয়ে শোডাউন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং একপর্যায়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়।