আ.লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের মশাল ও বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল মশাল ও বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৬ই আগষ্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নুর হোসেন হল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সাদজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুর জামান রুকু এবং সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, হাবিপ্রবি ছাত্রদল সব সময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু শিক্ষকের কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আজ সেই ক্যাম্পাসেই আমরা মিছিল করছি। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো আশায় আছেন যে তাদের 'আপা' ফিরে আসবে, তাদের সাবধান করে দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে হাবিপ্রবি ছাত্রদল কোনো ছাড় দেবে না।

এহেসানুল কবির অর্ণব আরও যোগ করেন যে, হাবিপ্রবি ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। দল ক্ষমতায় থাকার পরেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি বা হল দখলের মতো কোনো ঘটনা ঘটেনি। সংগঠনটি সব সময় সহাবস্থানে বিশ্বাসী এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে বলে তিনি জানান।