একাদশে ভর্তির ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে এই ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd/) লগইন করে তাদের ফলাফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।

ভর্তি-সংক্রান্ত নোটিশে জানানো হয়েছে, মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি জমা দিয়ে তাদের নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে ফি দিয়ে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন ও নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এবং ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মূল ভর্তি কার্যক্রম চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬-এর ৬.০ অনুচ্ছেদ অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় তা সম্ভব হচ্ছে না। ফলে এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে, যার জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছিলেন। ভর্তি নিশ্চায়নের জন্য শিক্ষার্থীদের মোট ৩৪০ টাকা ফি দিতে হবে, যার মধ্যে রেজিস্ট্রেশন, ক্রীড়া, বিএনসিসি, রোভার/রেঞ্জার, রেড ক্রিসেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান টিসি ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নোটিশে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে।

ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।