ফররুখ আহমদ, ৭ নভেম্বর, ২৮ অক্টোবর ও আবরার ফাহাদকে নিয়ে ডাকসুর ৪ প্রকাশনা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৪৮ (11 September 2026, 03:48)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কবি ফররুখ আহমদ, ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, ২৮ অক্টোবর এবং শহীদ আবরার ফাহাদকে কেন্দ্র করে চারটি বিশেষ স্মারক পুস্তিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুস্তিকাগুলোর মোড়ক উন্মোচন করা হয়। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই পুস্তিকাগুলো সম্পাদনা ও প্রকাশ করেছেন।

প্রকাশিত পুস্তিকা চারটির শিরোনাম যথাক্রমে—‘মানুষের এ মিছিলে দিতে পারো যদি গতিবেগ: কবি ফররুখ আহমদ: পাঠ ও প্রাসঙ্গিকতা’, ‘২৮ অক্টোবর: প্রেক্ষিত লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান’, ‘৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস স্মরণে জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা: বিপ্লব ও সংহতি দিবস’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং বিশেষ অতিথি ছিলেন ডাকসুর জিএস এস. এম. ফরহাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পুস্তিকাগুলোর সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুর উদ্যোগে কবি ফররুখ আহমদকে নিয়ে পুস্তিকা প্রকাশ করা একটি অনন্য ঘটনা। বাংলা সাহিত্যের অন্যতম এই পথিকৃৎকে দীর্ঘদিন ধরে ব্রাত্য করে রাখা হয়েছিল।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আরও জানান, ডাকসু সবসময় সর্বজনীনভাবে কাজ করার চেষ্টা করছে। বিভিন্ন সময়ে ৭ নভেম্বর, ২৮ অক্টোবর এবং শহীদ আবরার ফাহাদের আধিপত্যবাদবিরোধী অবস্থান নিয়ে আয়োজিত সেমিনারগুলোর গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো সম্পাদনা করেই এই পুস্তিকাগুলো তৈরি করা হয়েছে। ফররুখ আহমদবিষয়ক পুস্তিকায় যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদারের বক্তব্য; শহীদ আবরার ফাহাদ স্মারক পুস্তিকায় আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ও শহীদ শরীফ ওসমান হাদির বক্তব্য; ২৮ অক্টোবরবিষয়ক পুস্তিকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য এবং বিপ্লব ও সংহতি দিবসের পুস্তিকায় ড. মাহদী আমিনের বক্তব্যসহ সংশ্লিষ্ট সেমিনারের গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে।

অনুষ্ঠানে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, এই চারটি পুস্তিকার প্রকাশনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ডাকসু একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ২৮ অক্টোবর এবং বিপ্লব ও সংহতি দিবসের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর পাশাপাশি দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা কবি ফররুখ আহমদকেও এর মাধ্যমে যথাযথভাবে স্মরণ করা হয়েছে। তিনি এই প্রকাশনাগুলোর প্রচার ও প্রসারে সবার সহযোগিতা কামনা করেন।

ডাকসুর জিএস এস. এম. ফরহাদ তাঁর বক্তব্যে বলেন, এই পুস্তিকাগুলো ইতিহাসের এক একটি অমূল্য দলিল হয়ে থাকবে। কোনো শক্তিশালী পক্ষ চাইলেই যে ইতিহাসের সত্যকে ধামাচাপা দিতে পারে না, এই প্রকাশনাগুলো তারই প্রমাণ। অতীতে যেসব সত্য আড়াল করার চেষ্টা হয়েছিল, সেগুলো এখন নথিবদ্ধ হচ্ছে। তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা শিক্ষার্থীদের অধিকার, কোনো দয়া বা অনুগ্রহ নয়। অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঠিক নথিবদ্ধকরণ প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে একই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটাতে না পারে।

প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদ হলেন আমাদের জাতীয় ঐক্য ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। অন্যদিকে কবি ফররুখ আহমদ বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান এক ব্যক্তিত্ব। ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আখ্যা দিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী-জনতাকে সঙ্গে নিয়ে যে বিপ্লব করেছিলেন, তা দেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে।

সাদিক কায়েম ২০০৬ সালের ২৮ অক্টোবরকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘ভয়ংকর কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, ওইদিন সংঘটিত নৃশংসতার ঘটনাগুলো নথিবদ্ধ হওয়া জরুরি ছিল। এই পুস্তিকাগুলো আগামী প্রজন্মের জন্য দলিল হিসেবে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় কখনো ভয়ভীতি প্রদর্শন, আধিপত্য বিস্তার বা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা হতে পারে না। এটি হবে মুক্ত জ্ঞানচর্চা ও স্বাধীন মতপ্রকাশের নিরাপদ ক্ষেত্র। ক্যাম্পাসকে নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক করে গড়ে তুলতে ডাকসু কাজ করে যাবে, যেখানে কোনো শিক্ষার্থী তার রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়নের শিকার হবে না।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে প্রকাশিত স্মারক পুস্তিকাগুলোর সৌজন্য কপি তুলে দেন অতিথিরা। পুস্তিকাগুলোর সহ-সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, রিয়াদুল ইসলাম যুবা, হোসাইন আহমেদ জুবায়ের, রিজওয়ান মানসুরী, আশফাক উল্লাহ আসিফ, সাইমুম ফেরদৌস ও সুহাইল মাহদীন।

সহ-সম্পাদক রিয়াদুল ইসলাম যুবার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাকসুর সম্পাদক এবি জুবায়ের, আব্দুল্লাহ আল মিনহাজ, সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, হল সংসদের নেতৃবৃন্দ, পুস্তিকার সহ-সম্পাদক সাইমুম ফেরদৌস সৌরভ, আশফাক উল্লাহ আসিফসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।