ঢাবি সিনেট নির্বাচন: জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি ও সামগ্রিক নির্বাচন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই কমিটির মূল দায়িত্ব হলো রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা এবং সিনেট নির্বাচনের যাবতীয় কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয় করা। আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ভূমিকা ও কার্যক্রমকে সুসংহত করার লক্ষ্যেই মূলত এই কমিটি কাজ করবে।

কমিটিতে বিএনপির সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।