চবি খালেদা জিয়া হলে পাঁচ শতাধিক ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের উদ্যোগে পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় হলের ডাইনিং কক্ষে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে সেবা প্রদান করেন।

এই স্বাস্থ্য ক্যাম্পটি হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়াহর যৌথ উদ্যোগ, ব্যবস্থাপনা ও নিজস্ব অর্থায়নে আয়োজন করা হয়। কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। বিশেষজ্ঞ চিকিৎসক দলের মধ্যে একজন নিউট্রিশনিস্ট, দুজন ডার্মাটোলজিস্ট, একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন গাইনোকোলজিস্টসহ মোট ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট ও সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাইম হক, আরএমও ডা. শাফায়াত, ডিজিএম ও কো-অর্ডিনেটর মো. আমান উল্লাহ, চাকসুর জিএস সাইদ বিন হাবিব এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভিপি সুমাইয়া নুসরাত জানান, এটি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং ভবিষ্যতে প্রতি মাসে এমন ক্যাম্প আয়োজনের বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। জিএস নাজিফা তাসফিয়াহ বলেন, বিশেষ করে সংকোচের কারণে অনেক নারী শিক্ষার্থী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে হলের প্রাক্তন ছাত্রীরাও অর্থায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি হল সংসদের এমন কল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ডা. জান্নাতুন নাইম হক বলেন, পড়াশোনার চাপে শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না, এই ক্যাম্প তাদের জন্য সহায়ক হবে। চাকসুর জিএস সাইদ বিন হাবিব সীমিত সম্পদের মধ্যেও হল সংসদের এই ছাত্রীবান্ধব উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।