বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি কক্ষের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে বিছানায় ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় ওই কক্ষে না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক শিক্ষার্থী।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, সম্ভবত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন তিনি। ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশেই ককটেলটি বিস্ফোরিত হয় এবং এর কাচ ও ককটেলের গুঁড়া তার বিছানায় এসে পড়ে।
আকিব জানান, ঘটনার সময় তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে তার বন্ধু আদিবের সঙ্গে অবস্থান করছিলেন। এই উপস্থিতির কারণেই তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে ওই সময় তার কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট শব্দ, আগুনের ফুলকি ও জানালার কাচ ভাঙার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
ওই শিক্ষার্থীর দাবি অনুযায়ী, হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

