ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে নতুন তিন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই সদস্যরা হলেন ড. ক্লেয়ার গর্ডন, মাসুদ খান এবং অধ্যাপক ইমরান রহমান। উচ্চশিক্ষা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব ও আর্থিক সুশাসনের ক্ষেত্রে এই তিনজনের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি বর্তমানে তাদের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজে নতুন এই সদস্যদের যোগদান সেই উদ্যোগেরই অংশ।
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের মতো অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। উচ্চশিক্ষা পরিচালনা ও আর্থিক সুশাসনের ক্ষেত্রে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।
ড. ক্লেয়ার গর্ডন বর্তমানে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের (এলএসই) এডেন সেন্টার ফর এডুকেশন এনহ্যান্সমেন্টের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। তিনি শিক্ষা উন্নয়ন, কারিকুলাম সমৃদ্ধকরণ, ডিজিটাল উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক চর্চা নিয়ে কাজ করছেন। পাশাপাশি জেনারেটিভ এআই-এর ব্যবহার ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ক্ষেত্রেও তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
মাসুদ খান বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সাবেক চেয়ারম্যান। বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, অডিট তত্ত্বাবধান এবং বোর্ড পরিচালনার ক্ষেত্রে তাঁর কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে।
অধ্যাপক ইমরান রহমান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাবেক উপাচার্য। বিশ্ববিদ্যালয় পরিচালনা, ব্যবসায় শিক্ষা ও একাডেমিক সুশাসনের ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ইউল্যাবের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।

