বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা অসংখ্য শিক্ষার্থীর জন্য তথ্যের জটিলতা ও প্রস্তুতির বাধা দূর করতে নতুন ডিজিটাল সমাধান নিয়ে এসেছে 'বাইরে পড়বো' (BairePorbo) প্ল্যাটফর্মটি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান নেহাল এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। এটি মূলত বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
সাধারণত বিদেশে উচ্চশিক্ষার জন্য কোন দেশে কী স্কলারশিপ রয়েছে, আবেদনের যোগ্যতা ও সময়সীমা এবং ফান্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, স্কলারশিপ পোর্টাল এবং ফেসবুক গ্রুপের ওপর নির্ভর করতে হয়। তথ্যের এই বিচ্ছিন্নতার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায় এবং প্রচুর সময় নষ্ট হয়। এই বাস্তব সমস্যার সমাধান দিতেই 'বাইরে পড়বো'র যাত্রা শুরু হয়েছে।
প্ল্যাটফর্মটির নির্মাতা মুশফিকুর রহমান নেহাল জানান, অনলাইনে প্রচুর তথ্য থাকলেও তা এক জায়গায় পাওয়া যায় না। কোনো সাইটে আবেদনের যোগ্যতা, অন্যটিতে সময়সীমা আবার কোথাও ফান্ডিংয়ের তথ্য থাকে। এই সমস্যা সমাধানে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর একাডেমিক প্রোফাইল, লক্ষ্য, বিষয় এবং দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্কলারশিপ খুঁজে দেয়।
এআই প্রযুক্তির মাধ্যমে এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং ধাপে ধাপে প্রস্তুতির রোডম্যাপ তৈরিতে সহায়তা করে। এটি কেবল স্কলারশিপের তালিকা দেখায় না, বরং শিক্ষার্থীর প্রোফাইলের ভিত্তিতে যথাযথ সুযোগ চিহ্নিত করতেও সাহায্য করে। এই প্ল্যাটফর্মের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন যবিপ্রবির সিএসই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও যবিপ্রবির দৈনিক এদিন প্রতিনিধি সাব্বির রহমান রাব্বীল।
BairePorbo-এর নির্মাতা সমস্যাটিকে দুটি শব্দে ব্যাখ্যা করেছেন, অধিক তথ্য এবং তথ্য খণ্ডন। স্কলারশিপের তথ্য অনলাইনে অহরহ। কিন্তু সমস্যা হলো, সেগুলো তথ্য এক জায়গায় নেই। কোনো ওয়েবসাইটে পাওয়া যায় আবেদনের যোগ্যতা, অন্য কোথাও আবেদনের শেষ সময়, আবার অন্য জায়গায় পাওয়া যায় ফান্ডিং এর তথ্য। একজন শিক্ষার্থীর জন্য কোন স্কলারশিপ বাস্তবে উপযুক্ত, সেটি নির্ধারণ করাও একটা সমস্যা। শত শত স্কলারশিপের একটি তালিকা দেখিয়ে দিলেই একজন শিক্ষার্থীর সমস্যা সমাধান হয় না। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ডিগ্রী, বিষয়, দেশ ও অন্যান্য যোগ্যতার সঙ্গে কোন স্কলারশিপের মিল রয়েছে সেটি জানা আরও গুরুত্বপূর্ণ। BairePorbo সেই জটিল প্রক্রিয়ার সহজ ও যথাযথ উপকরণ।

