দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নতুন তিন কর্মকর্তাকে ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মনোনীত কর্মকর্তাদের মধ্যে বেসিক ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা। এছাড়া জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংকের এমডি পদে দায়িত্ব পেয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পত্রে উল্লেখ করা হয়েছে, মনোনীত কর্মকর্তারা নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। এছাড়া ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

