বাণিজ্য করিডর ও রপ্তানি বহুমুখীকরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইউকেইএফ’র গোলটেবিল বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য করিডরকে আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের রপ্তানি খাতের বহুমুখীকরণকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে ঢাকায় একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং যুক্তরাজ্যের এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ‘ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স’ (ইউকেইএফ) যৌথভাবে এই আয়োজন সম্পন্ন করে।

বৈঠকটিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্রিটিশ হাই কমিশন ঢাকা, ইউকেইএফ-এর প্রতিনিধিরা ছাড়াও ওষুধ শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা, সীফুড এবং ফুটওয়্যার খাতের শীর্ষস্থানীয়রা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের বাজারে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং বাণিজ্য অর্থায়ন ও এক্সপোর্ট ক্রেডিট কীভাবে এই খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

আলোচনায় ইউকেইএফ সমর্থিত অর্থায়নের ব্যবহারিক প্রয়োগ এবং এক্সপোর্ট ক্রেডিট সুবিধার কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া এসব প্রকল্প কীভাবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি এবং শিল্প খাতের আধুনিকায়নের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করা যায়, তা নিয়েও আলোকপাত করা হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, ব্যাংকটি দীর্ঘ ১২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার। তিনি আরও বলেন, দেশ যখন উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করছে, তখন যুক্তরাজ্যের মতো কৌশলগত অংশীদারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে ব্যাংকটি ক্লায়েন্টদের জন্য বিশ্বমানের যুক্তরাজ্যভিত্তিক দক্ষতা, প্রযুক্তি ও বিনিয়োগ সুবিধা নিয়ে আসতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের সরকারি ও কর্পোরেট সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাজ্যের প্রযুক্তি, সরবরাহকারী ও মূলধনকে সংযুক্ত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। এর মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।