এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিলো সৌদি আরব

এশিয়ার বাজারে নভেম্বরে সরবরাহের জন্য অপরিশোধিত তেলের দাম অপ্রত্যাশিতভাবে কমিয়েছে সৌদি আরব। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার সৌদি আরামকোর প্রকাশিত মূল্য নির্ধারণসংক্রান্ত নথিতে দেখা গেছে, এই সিদ্ধান্তের ফলে এশিয়ায় সৌদি তেলের দাম প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষক ও ব্যবসায়ীরা ধারণা করেছিলেন, নভেম্বরে এশিয়ার বাজারে সৌদি তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটি নভেম্বরের জন্য আরব লাইট ক্রুডের অফিসিয়াল সেলিং প্রাইস (ওএসপি) ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে ব্যারেলপ্রতি ৫ ডলার কম নির্ধারণ করেছে। অক্টোবরে এই ছাড় ছিল ২ ডলার, অর্থাৎ এক মাসের ব্যবধানে ছাড় ৩ ডলার বাড়ানো হয়েছে। ২০২০ সালের জুনের পর এশিয়ার বাজারের জন্য এটিই সৌদি আরবের সবচেয়ে বড় মূল্যছাড়। আরামকো তাদের ভারী গ্রেডের আরব মিডিয়াম ও আরব হেভি অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৫ ডলার কমিয়েছে।

শিল্প সংশ্লিষ্টদের মতে, ওমান থেকে তেল পরিবহনের ক্ষেত্রে জাহাজ ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ক্রেতাদের সেই বাড়তি খরচ পুষিয়ে দিতেই আরামকো এই ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চল থেকে চীনে ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) ভাড়া করতে শুক্রবার প্রতিদিন প্রায় ১২ লাখ ডলার খরচ হয়েছে, যা এক বছর আগে ছিল মাত্র ৮০ হাজার ডলার।

সূত্রগুলো আরও জানিয়েছে, এই মূল্যছাড়ের ফলে মিশরের সিদি কেরির বন্দর থেকে রপ্তানি করা তেলের ক্ষেত্রে দীর্ঘ সমুদ্রযাত্রার খরচও কিছুটা সমন্বয় করা সম্ভব হবে। এছাড়া, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের বাজারের অবস্থান ধরে রাখতেও সৌদি আরব এই কৌশল অবলম্বন করছে।

তবে এশিয়ার বাজারের বিপরীতে ভিন্ন চিত্র দেখা গেছে ইউরোপ ও আমেরিকার ক্ষেত্রে। উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য সব ধরনের সৌদি অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়িয়েছে আরামকো। অন্যদিকে, মার্কিন ক্রেতাদের জন্য তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।