গ্রামীণ ঋণগ্রহীতাদের আয়ের বড় অংশই চলে যাচ্ছে কিস্তিতে

গ্রামীণ ঋণগ্রহীতাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হচ্ছে ঋণের কিস্তি পরিশোধের পেছনে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যারা আয়ের ৪০ শতাংশের বেশি কিস্তি পরিশোধে ব্যয় করেন, এমন ঋণগ্রহীতার হার এক বছরের ব্যবধানে ২২ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশে দাঁড়িয়েছে। পরিস্থিতি সবচেয়ে নাজুক দরিদ্রতম এক-পঞ্চমাংশ ঋণগ্রহীতার ক্ষেত্রে, যাদের আয়ের ৭৯ শতাংশই চলে যাচ্ছে কিস্তিতে। কিস্তি পরিশোধ ও জরুরি ব্যয় মেটাতে অনেক পরিবার এখন মহাজনের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে, যা গ্রামীণ পরিবারগুলোর ঋণনির্ভরতা বাড়িয়ে দিচ্ছে।

গবেষণায় দেখা গেছে, গত এক বছরে ঋণ নেওয়া গ্রামীণ পরিবারের হার ৩৬ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, গ্রামীণ ঋণের মোট প্রবাহে কৃষির অংশ ২৫ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমেছে। বর্তমানে গ্রামীণ ঋণের প্রায় ৭৫ শতাংশই আসছে বিভিন্ন এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে। ঋণ পরিশোধের চাপে পরিবারগুলো এক ঋণ শোধ করতে গিয়ে অন্য ঋণের আশ্রয় নিচ্ছে। এনজিও থেকে ঋণ গ্রহণকারী পরিবারগুলোর মধ্যে মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার হার ২৭ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশে পৌঁছেছে।

কর্মশালায় আলোচকরা কৃষি ও খাদ্যব্যবস্থায় অর্থায়নকে শুধুমাত্র ঋণ বিতরণে সীমাবদ্ধ না রেখে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. একে এনামুল হক, এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন এবং কৃষি সচিব মো. সেলিম খানসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই সংকট নিরসনে আলোচনা করেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃষকের আয় ও উৎপাদন মৌসুমের সাথে সামঞ্জস্য রেখে কিস্তি নির্ধারণ করা জরুরি। বিআইডিএসের মহাপরিচালক ড. এনামুল হক ক্ষুদ্র কৃষকদের ক্ষেত্রে ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা ও প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন ক্ষুদ্রঋণ খাতের সেবা মূল্য পর্যালোচনার প্রস্তাব করে জানান, বর্তমানে এই খাতের সঞ্চিত উদ্বৃত্ত ৩ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৬৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

কৃষি সচিব মো. সেলিম খান কৃষি যান্ত্রিকীকরণে অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, দুই শতাংশেরও কম কৃষক পরিবারের নিজস্ব ট্রাক্টর বা পাওয়ার টিলার রয়েছে। কৃষিযন্ত্রের জন্য ব্যাংক থেকে মাত্র ২ থেকে ৭ শতাংশ অর্থায়ন পাওয়া যায়, ফলে কৃষক যন্ত্র বিক্রেতাদের কাছ থেকে কিস্তিতে পণ্য কিনতে বাধ্য হন। এছাড়া গবাদিপশু খাতে কৃষি জিডিপির ৭ দশমিক ৬ শতাংশ অবদান থাকলেও কৃষিঋণের ৫ শতাংশেরও কম এই খাতে পৌঁছায়। আলোচকরা মনে করছেন, ঋণের প্রবাহ বাড়ানোর পাশাপাশি অর্থায়নের কাঠামো ও শর্তাবলী পুনর্বিবেচনা করা না হলে গ্রামীণ কৃষি ও উৎপাদন ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।