দেশের বাজারে রেমিট্যান্সের ডলারের দাম কমল ১ টাকা

দেশের বাজারে রেমিট্যান্সের ডলারের দাম এক সপ্তাহের ব্যবধানে ১ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনেছে। এর আগের সপ্তাহে এই দর ছিল ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ হলো বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।

ব্যাংকগুলোর কাছে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় তারা যেমন চড়া দামে রেমিট্যান্স কিনতে আগ্রহী হচ্ছে না, তেমনি তাদের কাছে থাকা ডলার দ্রুত বিক্রি করতে ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দামে এলসি (ঋণপত্র) নিষ্পত্তির সুবিধা দিচ্ছে।

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় আমদানিকারকদের এলসি নিষ্পত্তির খরচও হ্রাস পেয়েছে, যা দেশের বাণিজ্যে গতি সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ বজায় থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে, যা ব্যবসা-বাণিজ্যে আরও গতি সঞ্চার করবে।