যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্ট মাসে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় আগস্টে এই প্রবৃদ্ধির হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।
চলতি অর্থবছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৮১৭ মিলিয়ন ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে, যেখানে গত অর্থবছরের একই মাসে এই রপ্তানির পরিমাণ ছিল ৬৫০ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্ট মিলিয়ে মোট ১ দশমিক ৬১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪২ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৮০৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। অথচ ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক গড় ছিল মাসিক ৬৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। অর্থাৎ, অর্থবছরের শুরুতেই মাসিক রপ্তানির গড় গত অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই গতির মূল প্রভাবক আগস্ট মাসের শক্তিশালী প্রবৃদ্ধি।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৯ দশমিক ০৪ বিলিয়ন ডলার, যার মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে ৭ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, পোশাকের বাইরে অন্যান্য পণ্য থেকেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলারের রপ্তানি রয়েছে।
পোশাকের বাইরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক ও মেলামাইন পণ্য, টেক্সটাইল ও সুতা, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, জুতা এবং অন্যান্য শিল্পপণ্য। বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হালকা প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।
পোশাক শিল্পের উদ্যোক্তা এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বাসসকে জানিয়েছেন, শীতকালীন পোশাকের অর্ডারের সময়সীমার কারণে আগস্টে রপ্তানি বেড়েছে। তিনি মনে করেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের উদ্যোক্তাদের অন্তর্নিহিত সক্ষমতা রয়েছে। পণ্যের বৈচিত্র্য বাড়ানো সম্ভব হলে এই রপ্তানি কয়েকগুণ বৃদ্ধি পাওয়া সম্ভব।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ও ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য তৈরি হওয়া এই সুযোগ উদ্যোক্তারা কাজে লাগাচ্ছেন। তবে সরকারের নীতি-ধারাবাহিকতা ও জ্বালানি নিশ্চয়তা বজায় রাখা গেলে এই সুযোগ আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব হবে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে জানান, বর্তমান রপ্তানি গতি অত্যন্ত আশাব্যঞ্জক। এই গতি আগামী ১২ মাস অব্যাহত থাকলে ২০২৬-২৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আয় ৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তিনি সেখানে রপ্তানি সম্প্রসারণের ক্ষেত্রে পণ্যের বৈচিত্র্য, উচ্চমূল্য সংযোজন ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

